নভেম্বর ৫, ২০২২, ০৭:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে এক নারীকে মারধরের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিম নাজমুলকে সাময়িক বহিস্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (৫ নভেম্বর) ঢাবি জনসংযোগ দপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ অক্টোবর মধ্যরাতের পর রাজু ভাস্কর্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিপন্থী অশোভন আচরণ করায় এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ক্ষুণ্ণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. নাজমুল আলম ওরফে জিমকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এই অপরাধের জন্য কেন তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কার করা হবে না, এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
গত ৩১ অক্টোবর দিবাগত রাত ৩টার দিকে নাজমুল বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে রাজু ভাস্কর্যের পাদদেশে ওই ছাত্রীকে হেনস্তা করেছেন।
মো. নাজমুল আলম ওরফে জিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম সোহানের অনুসারী।