নারীর প্রতি সহিংসতা কমাতে বিচারব্যবস্থাকে সক্রিয় রাখা অপরিহার্য: আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২২, ০৭:৫০ পিএম

নারীর প্রতি সহিংসতা কমাতে বিচারব্যবস্থাকে সক্রিয় রাখা অপরিহার্য: আইনমন্ত্রী

কোভিডকালীন সময়ে ন্যায়বিচারের খোঁজে নারীদের জীবন সংগ্রামের গল্প নিয়ে লেখা বই “ইন সার্চ অবজাস্টিসঃ আনটোল্ড টেলস অবডোমেস্টিক ভায়োলেন্স সারভাইভারস” বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। রাজধানীতে আন্তর্জাতিক নারী দিবস এবং বাংলাদেশে জার্মান উন্নয়ন সহযোগিতার ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন আইনমন্ত্রী আনিসুল হক ও জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার। 

ন্যায়বিচার পেতে বাংলাদেশের তিনটি জেলার বারোজন নারী যে দুর্গম পথ পাড়ি দিয়েছেন, সেই যাত্রাপথের গল্প নিয়েই এ সংকলন। পারিবারিক সহিংসতার প্রতিকারের খোঁজে তাঁদের জটিলযাত্রা, সামাজিক ও প্রাতিষ্ঠানিক বাধা বিপত্তি পেরিয়ে তাঁদের এগিয়ে চলা এবং ন্যায়বিচারে সহায়ক ভুমিকা পালনকারী বিভিন্ন সংস্থার কথা বইটিতে আলোচনা করা হয়েছে। 

জিআইজেড বাংলাদেশের রুল অব ল কর্মসূচির আওতায় এই গবেষণাটি পরিচালিত হয়েছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে গবেষণাটি করা হয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি)’র সাথে মিলিতভাবে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচী (এসইএলপি- যা পূর্বে “এইচআরএলএস” নামে পরিচিত ছিলো) এবং আরডিআরএস বাংলাদেশ গবেষণাটি সম্পন্ন করেছে।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এমপি, মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বলেন, “সহিংসতার প্রতিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে যে কোন পরিস্থিতিতেই বিচারব্যবস্থাসহ সকল সেবাব্যবস্থাকে সক্রিয় রাখা অপরিহার্য। এছাড়া নারীরা, বিশেষত যারা মহামারীর সময়ে পারিবারিক এবং লিঙ্গভিত্তিক সহিংসতার সম্মুখীন হয়েছেন, তাঁদের সহায়তা প্রদানের উপায় বের করা খুবই জরুরি।”

জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার তাঁর বক্তব্যে বলেন, “যারা এই হৃদয়গ্রাহী, চিত্তাকর্ষক ও কষ্টকর গল্পগুলো আমাদের বলেছে, এই বইটি শুধুমাত্র তাঁদের জন্য নয়। যারা কম সুবিধাপ্রাপ্ত, নির্যাতিত ও এখনও দুঃসময়ে দিনযাপন করছে, বইটি তাঁদের সকলের অবস্থার প্রতিফলন।“

অনুষ্ঠানে প্রখ্যাত অভিনয়শিল্পী ও এশিয়াটিক থ্রি-সিক্সটির কো-চেয়ারম্যান সারা যাকের বইটি থেকে কিছু অংশ পড়ে শোনান। উদ্বোধনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রমিতা সেনগুপ্তা, হেড অব প্রোগ্রাম, রুল অব ল প্রোগ্রাম, জিআইজেড বাংলাদেশ এবং ড. ইমরান মতিন, এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট। 

 

Link copied!