প্রাথমিক শিক্ষা হুমকির মুখে বিশ্বের অর্ধশত দেশে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২১, ০৫:১৫ পিএম

প্রাথমিক শিক্ষা হুমকির মুখে বিশ্বের অর্ধশত দেশে

বিশ্বে বাংলাদেশসহ অন্তত ৪৮ টি দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঝুঁকির মুখে। ফলে এসব দেশের কয়েক কোটি শিশুর শিক্ষা ব্যবস্থা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন।

সংস্থাটির গবেষণায় করোনা টিকাদানের হার, জলবায়ু পরিবর্তন, শারীরিক হয়রানি এবং শিক্ষার্থীদের বাড়িতে ইন্টারনেট ও টিভি সংযোগের মতো বিষয়গুলো বিবেচনা করা হয়েছে। গবেষণায় বলা হয়েছে বাংলাদেশ নাইজেরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, দক্ষিণ সুদান, সুদান, মালি, লিবিয়ায়, ইয়েমেন এবং বুরকিনা ফাসোসহ ৪৮টি দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে।

সেভ দ্য চিলড্রেনের যুক্তরাজ্যের প্রধান নির্বাহী গোয়েন হাইনস বলেন, দুঃখজনকভাবে শিশুদের শিক্ষা ও জীবনকে হুমকির মুখে ঠেলে দেওয়া বিষয়গুলোর মধ্যে মাত্র একটি হচ্ছে কোভিড-১৯।

ইউনিসেফের শিক্ষা বিষয়ক বৈশ্বিক পরিচালক রব জেনকিন্সের মতে, ‘করোনা মহামারির কারণে আমরা শিক্ষার্থীদের একটি প্রজন্ম হারানোর ঝুঁকিতে রয়েছি। যদি আমরা শিশুদের পূর্ণাঙ্গ ও ব্যাপক সহায়তা প্রদান না করি তাহলে এটি আজীবন প্রভাব ফেলতে পারে শিশুদের উপর’।

ইউনিসেফের তথ্যমতে, উন্নত দেশগুলোর বেশিরভাগ অংশে স্কুলগুলো ফের চালু হলেও বাকি বিশ্বের অন্তত ১৬টি দেশে কঠোর লকডাউনের কারণে ১০ কোটিরও বেশি শিশু ক্লাসের বাইরেই থাকছে।

এর আগে, ইউনিসেফ ‘জীবনের প্রথম ক্লাস অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে সারা বিশ্বে ১৪ কোটি শিশুর’-শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় এই ১৪ কোটি শিশুর মধ্যে প্রায় ৪০ লাখ শিশু বাংলাদেশের। এরা তাদের জীবনের প্রথম ক্লাসটি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেই রিপোর্টে বলা হয়, বিশ্বের সবগুলো দেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে।

Link copied!