জুলাই ৯, ২০২৩, ০২:৩৮ পিএম
ছবি: পিএমও
বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার জন্য বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি করতে ৪৮ জন স্কলারকে প্রধানমন্ত্রী ফেলোশিপ দেওয়া হয়েছে।

রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এসব শিক্ষার্থীকে ফেলোশিপ প্রদান করেন সরকারপ্রধান শেখ হাসিনা। ২০২৩-২০২৪ সালের জন্য এদিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডাসহ বিশ্বের শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য ৩৮ জনকে মাস্টার্স ফেলো এবং ১০ জনকে পিএইচডি ফেলো বৃত্তি প্রদান করা হয়।

পিএইচডির জন্য স্কলারশিপ নিশ্চিত করতে আবেদনকারীদের প্রথমে বিশ্বের ১০০ সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে ভর্তি নিশ্চিত করতে হবে। অপরদিকে, মাস্টার্সের জন্য স্কলারশিপ নিশ্চিত করতে বিশ্বের ২০০ সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটিতে ভর্তি নিশ্চিত করতে হবে।
ভর্তি নিশ্চিত হলেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

সিভিল সার্ভিস, শিক্ষাবিদ এবং দেশের যোগ্য নাগরিকদের জ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির জন্য ২০১৮ সালে প্রধানমন্ত্রীর ফেলোশিপ চালু করার পর এ পর্যন্ত ২৩৯ জন মাস্টার্স ফেলো এবং ৯৮ জন পিএইচডি ফেলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডার বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, জিআইইউর মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ বক্তব্য রাখেন।