অক্টোবর ২৭, ২০২২, ০৫:৩৫ পিএম
আসছে ৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাজধানীর স্বনামধন্য ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় (শিক্ষা শাখা) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে বলে এক অভিভাবকের করা আবেদনের প্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী জজ চতুর্থ আদালত এ নির্বাচন নিয়ে স্থিতিঅবস্থা জারি করছিলো। এরই প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার ও ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) শাহনাজ সুলতানা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিত ঘোষণা করেছেনG

ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইডিং অফিসার শাহনাজ সুলতানা সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচন- ২০২২ এর সব কার্যক্রম স্থগিত করা হলো।
জানা গেছে, প্রতিষ্ঠানটির একজন শিক্ষার্থীর অভিভাবক ভোটার তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে দাবি করে নির্বাচনে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। সে পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী তানিয়া শর্মী নির্বাচনে স্থিতি অবস্থা জারি করেন। অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন শুনানি হওয়া পর্যন্ত এ স্থিতি অবস্থা বহাল থাকবে। গত সোমবার এ আদেশের কপি প্রকাশিত হয়।