প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইঙ্গিত দিয়েছেন, আগামী মার্চ মাসেও হয়ত স্কুল-কলেজ বন্ধ রাখা হতে পারে। এর আগে স্কুল কলেজগুলোতে ৩৯ পাতার গাইডলাইন পাঠিয়ে বলা হয়েছিল, ৪ঠা ফেব্রুয়ারির মধ্যে স্কুলগুলো প্রস্তুত করে রাখতে, যাতে যে কোন মুহূর্তে সেগুলো খুলে দেয়া যেতে পারে।
শিক্ষামন্ত্রী দীপু মনি সংসদে বলেছিলেন, তারা ফেব্রুয়ারির শেষে কিংবা মার্চে স্কুল খুলতে চান। কিন্তু শনিবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, "আমরা আশা করছি হয়তো আগামী মার্চ-এপ্রিল.....মার্চ মাসটা আমরা দেখবো, কারণ আমাদের দেশে মার্চ মাসেই ব্যাপকহারে করোনাভাইরাস শুরু হয়েছিলো।''
তিনি বলেন এই ফেব্রুয়ারি মাস নজরে রাখবো এবং যদি ফেব্রুয়ারিতে ভালো থাকে পরবর্তীতে সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা ভাবনা আছে। এজন্য দরকার সবাইকে স্বাস্থ্য সুরক্ষা মেনে চলা ও করোনাভাইরাস মোকাবেলায় যা যা ব্যবস্থা আছে তা গ্রহণ করা। আর ভ্যাকসিন তো সবাই পেয়ে যাবেন।
এর আগে শিক্ষা মন্ত্রনালয় থেকে স্কুল খোলা বিষয়ক যে গাইডলাইন দেয়া হয়েছিল, সে অনুযায়ী সরকারের অনুমোদন পেলে দশম ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার পাশাপাশি অন্য শ্রেণীগুলোর জন্য সপ্তাহে এক বা দুদিন ক্লাস শুরু হওয়ার কথা।