মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টানা এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া বা শিক্ষা প্রতিষ্ঠানে ফের ছুটি বাড়ানো হবে কিনা সে বিষয়ে আজ জানা যাবে।
বুধবার (২৬ মে) দুপুরে আয়োজিত হতে যাওয়া এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ওই সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষামন্ত্রী কথা বলবেন বলে জানা গেছে।
এদিকে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও এক সপ্তাহ বাড়তে পারে বলে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আভাস দিয়েছে। করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কমিটির মতামত নিয়ে মন্ত্রণালয় ওই সিদ্ধান্ত পরে জানিয়ে দিবে বলে সূত্র জানায়।
চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। এতে সংক্রমণ ও মৃত্যু বেড়ে গেছে। এমতাবস্থায় এপ্রিল থেকে দেশে লকডাউন চলছে। যদিও সম্প্রতি লকডাউন শিথিল করা হয়েছে।
সর্বশেষ সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ২৯ মে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হচ্ছে। দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর দেশে প্রথমবারের মতো একজনের মৃত্যু হয়। করোনা পরিস্থিতির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।