জুলাই ৩০, ২০২২, ০৯:০১ পিএম
শিক্ষকদের মূল দায়িত্ব হল শিক্ষার্থীদের মাঝে শেখার আগ্রহ গড়ে তোলা। তাদের অনুসন্ধিৎসু করে তোলা। তাদের মধ্যে জ্ঞানের পিপাসা তৈরী করে দেওয়া। শেখার কাজটাকে আনন্দময় করে তোলা। আনন্দের সঙ্গে শিখলে নতুন দক্ষতা গড়ে উঠবে। যদি এমনটা করা যায় তাহলে শিক্ষার্থী নিজে নিজেই শিখতে আগ্রহবোধ করবে।
শনিবার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব আয়োজিত ৮ম জাতীয় গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রাকৃতিক সৌন্দর্যময় এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এখানে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতিচর্চা, মুক্তজ্ঞানের চর্চা বিজ্ঞানচর্চা হয়ে থাকে। আমাদের চারপাশে যা ঘটছে তা বুঝতে হলে গণিত বুঝতে হবে। এই অলিম্পিয়াডগুলো গণিতের প্রতি শিক্ষার্থীদের ভালোবাসা তৈরি করে। এই প্রতিযোগিতামূলক অলিম্পিয়াডে শহর থেকে গ্রাম সব অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে, যা প্রমাণ করে গণিত স্থান-কাল-পাত্র ভেদে হয় না। গণিত সর্বজনীন।
আমরা বিদ্যুত উৎপাদনে শতভাগ সক্ষম উল্লেখ করে তিনি আরও বলেন,শতভাগ বিদ্যুতায়ান আমরা করেছি। তারপরও বিদুত্যের একটা চাপ সৃষ্টি হয়েছে। সামনে অর্থনৈতিক একটা মন্দা আসছে পৃথিবীতে। এটা মাথায় রেখেই আমরা বিদুৎ সাশ্রয়ী হওয়ার পরিকল্পনা করেছি। এটা নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় চ্যালেঞ্জ নিচ্ছেন এবং উনি বার বারও চোখে আঙুল দিয়ে পরাজিত শক্তিদের দেখিয়ে দিচ্ছেন তিন পারছেন। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পেরেছি বলেই করোনা মহামারীর সময়েও আমরা শিক্ষাদান কার্যক্রম বন্ধ করতে হয়নি, অনলাইনেই কার্যক্রম চলেছে।
এছাড়াও অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারনে করোনা কালীন সময়েও অনলাইনে ক্লাস পরীক্ষা চলেছে, কোনভাবেই শিক্ষা-কার্যক্রম ব্যহত হয়নি। তার গতিশীল নেতৃত্বে পদ্মা সেতু সম্ভব হয়েছে। তিনি চ্যালেঞ্জ নিয়েছেন এবং দেখিয়ে দিয়েছেন চাইলে সম্ভব। দেশে এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়ন হয়নি। জাবিতেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। ১৪০০ কোটি টাকা বাজেট দিয়েছেন প্রধানমন্ত্রী, যা কোনো সরকার দিতে পারেনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ট্রেজারার অধ্যাপক ড. রাশেদা আখতার, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এ এ মামুন এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর কবির প্রমুখ।
এ বছর 'গণিতের মাঝে বিজ্ঞানের বাস, গণিতে করি মেধার বিকাশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার (১ জুলাই) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজিত ৮ম জাতীয় গণিত অলিম্পিয়াড-২০২২-এর ফল প্রকাশ করে। শ্রেণি বিভাজনের ভিত্তিতে এবারের অলিম্পিয়াডে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৭টি ক্যাটাগরি ছিল। এতে দেশের ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৬০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিটি ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার পাওয়া প্রথম পাঁচজনকে বিজয়ী ঘোষণা করা হয়।