দেশের করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আগামী ২৩ মে থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ‘করোনার ক্ষতি পুষিয়ে নিতে ২০২১-২০২২ অর্থ বছরে করোনায় বিপর্যস্ত বাজেট কেমন হওয়া উচিত’ সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।
মাউশি সচিব বলেন, ‘দেশের পরিস্থিতির উন্নতি হলে আগামী ২৩ মে স্কুল-কলেজ খুলে দেয়া হবে। আমাদের আগের ঘোষণা অনুযায়ী যে সিদ্ধান্ত ছিল তা এখনো বহাল রয়েছে।’
তিনি বলেন, ‘করোনার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে আমরা টেলিভিশন, অনলাইন ও রেডিওতে ক্লাস সম্প্রচার শুরু করেছি। তার পাশাপাশি মাধ্যমিকের শিক্ষার্থীদের বাসায় অ্যাসাইনমেন্টের কাজ দেওয়া হচ্ছে।’
করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির অনুষ্ঠিত গত ২৫ মার্চের বৈঠক শেষে আগামী ২৩ মে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
ওইসময় দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ও কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ঈদুল ফিতরের পর ২৩ মে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ তবে এ সময়ে অনলাইন শিক্ষাকার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।