শেষ মুহুর্তে ‘বিতর্কিত নিয়োগ’ দিয়ে বিদায় নিলেন রাবি উপাচার্য

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২১, ০৬:১০ পিএম

শেষ মুহুর্তে ‘বিতর্কিত নিয়োগ’ দিয়ে বিদায় নিলেন রাবি উপাচার্য

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে মেয়াদের শেষ কার্যদিবসে ১৪১জনকে নিয়োগ দিয়ে বিদায় নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য (ভিসি) এম আব্দুস সোবহান। অস্থায়ী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে এই নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ক্যাম্পাস থেকে তিনি বিদায় নেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায় নেওয়া এই ভিসি এর আগে নিয়োগপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানানোয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালামকে অব্যাহতি দেন। তার পরিবর্তে পরিষদ সেকশনের সহকারী রেজিস্ট্রার মামুন-উর-রশিদকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দায়িত্ব দিয়ে এই নিয়োগ সম্পন্ন করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মামুন-উর-রশিদ ৯ জন শিক্ষক, ২৩ জন সেকশন অফিসার, ২৪ জন সহায়ক কর্মচারী এবং ৮৫ জন উচ্চ ও নিম্ন সহকারী নিয়োগে স্বাক্ষর করেছেন।

এদিকে, নিয়োগকে কেন্দ্র করে এদিন দুপুরে চাকরি প্রত্যাশী মহানগর ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, নিয়োগের গুঞ্জনে বৃহস্পতিবার ভোর থেকে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ নেতা-কর্মী ও চাকরি প্রত্যাশীরা উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয় । বেলা সাড়ে ১১টার দিকে মহানগর ছাত্রলীগের একদল নেতা-কর্মী এসে উপাচার্য ভবনের সামনে অবস্থান নেয়। বেলা সোয়া ১২টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করতে থাকে।

এই ঘটনায় হবিবুর হলের সেকশন অফিসার আবদুল্লাহ আল মাসুদ, শারীরিক শিক্ষা ও ক্রিড়া-বিজ্ঞান বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চলসহ আরও অন্তত ৫ জন আহত হয়েছেন। পরে পুলিশি নিরাপত্তায় উপাচার্য এম আব্দুস সোবহান উপাচার্য ভবন ত্যাগ করেন এবং ক্যাম্পাস ছেড়ে যান। এর আগে উপাচার্য ভবনের সামনে থেকে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ নেতা-কর্মীদের সরিয়ে দেয় পুলিশ।

এদিকে, অব্যাহতির বিষয়ে সদ্য সাবেক রেজিস্ট্রার আব্দুস সালাম গণমাধ্যমে বলেন, ‘আমি এসব ব্যাপারে কিছুই জানি না। আমাকে নানাভাবে অনৈতিক চাপ প্রদান করা হয়েছিল। তাই আমি গত দুই দিন ধরে আত্মগোপনে আছি।’

অন্যদিকে, ক্যাম্পাস ত্যাগ করার আগে রেজিস্ট্রারকে অব্যাহতি ও নিয়োগ প্রসঙ্গে উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, ‘রেজিস্ট্রার নিয়োগ দেয়া হয়নি, এটা মিথ্যা কথা। এডহকে নিয়োগের বিষয়টি আপনারা পরে জানতে পারবেন।’

Link copied!