সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে, আর কিছু চাই না - ওবায়দুল কাদের

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৫, ২০২২, ০৯:০৬ পিএম

সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে, আর কিছু চাই না - ওবায়দুল কাদের

টানা তিন মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, স্বাধীন বাংলাদেশে আমিই প্রথম টানা তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক। কত জনের ভাগ্যে জুটেছে? আমার মতো গ্রাম থেকে উঠে আসা একজন শিক্ষকের ছেলে ১৬ বছর মন্ত্রী! আর কী চাই? সব চাওয়া পাওয়া পূর্ণ হয়ে গেছে, আর কিছু চাই না।

রবিবার (২৫ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বার্ষিক পুনর্মিলনী, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্ররাজনীতির ইতিহাস ধরে রাখার লক্ষ্যে ছাত্র রাজনীতিকে আরও আকর্ষণীয় করে তোলার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, 'ঐতিহ্যবাহী রাজনীতির সুনামের ধারা কোথায় যেন হারিয়ে গেছে। কোথায় যেন তলিয়ে গেছে' উল্লেখ করে তিনি বলেন, ছাত্ররাজনীতি সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে আকর্ষণীয় করে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘মঞ্চে গেলে দেখি, মঞ্চটা পুরো ভরে গেছে নেতায়। বাংলাদেশ নেতা উৎপাদনের একটা উৎপাদনশীল কারখানা। কেউ কর্মী হতে চায় না, সবাই নেতা।’

ভর্তি বাণিজ্য, মনোনয়ন বাণিজ্য, সিট বাণিজ্য প্রসঙ্গে ছাত্রলীগের নতুন নেতৃত্বের উদ্দেশ্যে তিনি বলেন, নেত্রী অনেক আশা নিয়ে সাদ্দাম ও ইনানকে কেন্দ্রীয়  সংসদে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শয়ন ও সৈকতকে পছন্দ করেছেন। সিভি দেখে, সবার সবকিছু যাচাই করে, অনেক আশা নিয়ে নেত্রী তোমাদের দায়িত্ব দিয়েছে। ছাত্ররাজনীতিকে যদি তোমরা আকর্ষনীয় করে তুলতে পারো, তাহলে তোমরা সফল। অন্যথায় পুরনো বিষয়গুলো আবারও আমাদের হতাশ করবে। স্মার্ট বাংলাদেশ শেখ হাসিনা চেয়েছেন, আমাদের কাজে যেন স্মার্টনেসের প্রতিফলন থাকে।

উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এই মিলনমেলার মধ্য দিয়ে অ্যালামনাইরা একে অপরের সাথে ভাব বিনিময় করবেন। বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা সর্বদা অবদান রেখে চলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুণগত শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য তিনি অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান। 

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ ও মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাওছার, ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমানসহ বিভাগের অ্যালামনাইরা।

Link copied!