এপ্রিল ২২, ২০২২, ১০:৫২ এএম
আইন অনুযায়ী প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও দুই দশকেও সে নির্দেশনা মানেনি ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। স্থায়ী ক্যাম্পাসে যেতে বারবার কালক্ষেপণ করেছে বিশ্ববিদ্যালয়গুলো। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করলেও অস্থায়ী ক্যাম্পাসে লাইব্রেরি, ল্যাব ও মানসম্মত পরিবেশ ছাড়াই বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। আগামী ডিসেম্বরের মধ্যে ২২টি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার আলটিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলছে, নির্দেশনা না মানলে আগামী জানুয়ারি থেকেই বন্ধ হবে নতুন ভর্তি কার্যক্রম।
২০০২ সালে প্রতিষ্ঠা হয় সাউথইস্ট ইউনিভার্সিটি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ২০০৯ সালে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার কথা থাকলেও ২০ বছর পরেও এই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিভাগের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বনানীর অনুমোদনহীন চারটি ভাড়া বাড়িতে। তাই বিশ্ববিদ্যালটিকে লাল তারকা চিহ্নিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।
শুধু সাউথইস্ট ইউনিভার্সিটি নয়, ২২টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনোটিই আইনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে পুরো শিক্ষা কার্যক্রম স্থায়ী ক্যাম্পাসে পরিচালনার নির্দেশনা মানেনি। দফায় দফায় ইউজিসি তাগাদা দিলেও বারবার সময় বাড়ানোর আবেদন করে কালক্ষেপণ করেছে এই বিশ্ববিদ্যালয়গুলো।
সরেজমিনে পরিদর্শন শেষে ইউজিসি বলছে, অস্থায়ী ভবনে পরিচালিত এসব বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগই নেই ল্যাব, লাইব্রেরিসহ শিক্ষার পরিবেশ। আর কালক্ষেপণ নয়, আগামী ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে এসব বিশ্ববিদ্যালয় নতুন শিক্ষাবর্ষে কোনো শিক্ষার্থীই ভর্তি করতে পারবে না বলে জানিয়েছে ইউজিসি। ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ বলেন, একটা বিশ্ববিদ্যালয়ে যেসব সুবিধা থাকা দরকার। সেসব ভাড়া করা ভবনে করা সম্ভব না। আর যেসব ক্যাম্পাস অনুমোদিত হিসেবে গণ্য হবে সেসব ক্যাম্পাসের প্রোগ্রামে আর নতুন শিক্ষার্থী ভর্তি করতে দেওয়া হবে না।
ইউজিসির বাধ্যবাধকতাকে ই্তিবাচকভাবে দেখছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি । তবে স্থায়ী ক্যাম্পাস অপেক্ষাকৃত দূরে হওয়ায় অধিকাংশ শিক্ষার্থীই সেখানে যেতে অনাগ্রহী।সমিতির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী বলেন, অনেকেই অসুবিধার মধ্যে সুযোগ তৈরি করে নিয়েছে। তারা আইন মেনেই চলছে। তবে, কেউ কেউ আইন মানতে যেয়ে আর্থিক সংকটে পড়ে গেছে।
এদিকে আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, দি ইউনিভার্সিটি অব কুমিল্লার সনদের বৈধতা নেই বলে সতর্ক করেছে ইউজিসি। আর ব্রিটানিয়া ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। আইনি সময়সীমা অনুযায়ী, দেশের ১০৮ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫১টি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে পুরো শিক্ষা কার্যক্রম পরিচালনার কথা। তবে স্থায়ী ক্যাম্পাসে কার্যক্রম শুরু করেছে মাত্র ২৬টি।