সেপ্টেম্বর ৫, ২০২২, ০২:২৫ পিএম
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে। পরীক্ষা ৩ ঘণ্টা থেকে কমিয়ে ২ ঘণ্টা করা হয়েছে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে উপস্থিত থাকতে হবে।
সাধারণত, বছরের ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের মার্চ থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ঠিক সময়ে পরীক্ষা হচ্ছে না বা কখনো কখনো বাতিল করতে হচ্ছে। এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত হচ্ছে।