১৩ সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২, ২০২১, ০২:১৩ পিএম

১৩ সেপ্টেম্বর খুলছে মেডিকেল কলেজ

আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মেডিকেল, ডেন্টাল ও নার্সিং কলেজ খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

প্রতিষ্ঠান খোলা হলেও সকলকে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সকল ধরনের সুরক্ষামূলক ব্যবস্থা নিয়েই আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) থেকে চালু করা হবে দেশের কয়েকশ মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়। দুয়েকদিন এদিক-সেদিক হতে পারে।’ পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে সকল কিছু খুলে দেওয়া হবে বলেও তিনি জানান।

জাহিদ মালেক বলেন, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রাথমে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য বর্ষের ক্লাস খুলে দেয়া হবে।

এর আগে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একে এম আহসান হাবিব বুধবার (১ সেপ্টেম্বর) জানান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত থাকবেন। ভার্চুয়ালি এই বৈঠকে মেডিকেল ও ডেন্টাল কলেজ খোলার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছিলেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে মেডিকেল কলেজসহ দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দীর্ঘ ১৭ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে ।

Link copied!