দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আদালতের এই আদেশের ফলে পূর্ব নির্ধারিত সময় ২ এপ্রিলই নেয়া হচ্ছে মেডিকেলে ভর্তি পরীক্ষা।
বুধববার (২৪ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
জনস্বার্থে রাজধানীর উত্তরার বাসিন্দা তৈমুর খান ২১ মার্চ ওই রিট আবেদনটি করেন, যা বুধবার (২২ মার্চ) শুনানির জন্য ওঠে। শুনানিতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
বিপুল বাগমার গণমাধ্যমকে বলেন, হাইকোর্ট রিটটি উত্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন। ফলে ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠানে কোনো বাধা নেই। রাষ্ট্রের এই আইন কর্মকর্তা জানান, ১ লাখ ২২ হাজার ৮৭৪ মেডিকেল ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছেন। ১৯টি কেন্দ্রে ৫৫টি ভেন্যুর ৭৫টি হলে এ পরীক্ষা হবে। স্বাস্থ্যবিধি যথাথ অনুসরণ করে পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। এ অবস্থায় রিট গ্রহণযোগ্য নয়।’
এর আগে,ভর্তি পরীক্ষা পেছানোর দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্য ও শিক্ষা অধিদপ্তরে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে মানববন্ধনও করেন তারা। তাতেও কোনো সাড়া না পাওয়ায় আদালতে রিট করেন।