ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
ঢাকা ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনের উদ্যোগে জাতিসংঘের ৭৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এবারের আয়োজনের মূল বিষয়বস্তু ছিল ‘জলবায়ু পরিবর্তন মোকবিলা: সমতা, স্বাধীনতা এবং মানবাধিকার এর নিশ্চয়তা।’
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস অডিটরিয়ামে, জাতিসংঘ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. তাসনিম আরেফা সিদ্দিকী।
তিনি বলেন, ‘পরিবেশগত চ্যালেঞ্জের প্রভাবগুলো বাস্তুসংস্থান সংক্রান্ত উদ্বেগের বাইরেও প্রসারিত, লিঙ্গ সমতা, স্বাস্থ্য এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়গুলোকে স্পর্শ করে যখন নারী, শিশু এবং মূল স্তরে বসবাসকারী জনগণকে সবচেয়ে বেশি প্রভাবিত করে।’
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহিদ রেজওয়ানা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলোয়ার হোসেন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক রাফিদ রাহমান সূর্য।
অতিথিবৃন্দের উপস্থিতিতে জলবায়ু পরিবর্তন এবং সম্পর্কিত বিষয়সমূহের উপর একটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। যাতে সভাপতিত্বে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন (ডিইউমুনা)` র সভাপতি এস এম নাহিয়ান ইসলাম।
অনুষ্ঠানে প্যানেল বক্তাগণ জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট সহ বিষয়গুলোর উপর বক্তব্য রাখেন।