চুয়েট, কুয়েট, রুয়েটে ভর্তি কার্যক্রম স্থগিত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১২, ২০২৪, ১১:০৩ এএম

চুয়েট, কুয়েট, রুয়েটে ভর্তি কার্যক্রম স্থগিত

সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চতুর্থ ধাপের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এবং ১৪ ও ১৫ জুলাই নির্ধারিত ভর্তি প্রক্রিয়ার চতুর্থ ধাপও অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে চলমান শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সর্বাত্মক কর্মবিরতি ও দেশব্যাপী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনের কারণে প্রকৌশল গুচ্ছের ভর্তি কমিটি এই সিদ্ধান্ত জানায়।

পরবর্তী কার্যক্রমের তারিখ এসএমএস ও ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হবে।

গত ৩ মার্চ প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়েছিল। চলতি বছর চুয়েট ৯৩১টি, কুয়েট ১ হাজার ৬৫টি এবং রুয়েট ১ হাজার ২৩৫টি আসন রয়েছে।

Link copied!