৭ বছর পর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন সোমবার

রাবি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৭:৫২ পিএম

৭ বছর পর রাবি শাখা ছাত্রলীগের সম্মেলন সোমবার

দীর্ঘ সাত বছর পর আগামীকাল অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন।সম্মেলনকে কেন্দ্র করে জমে উঠেছে ছাত্রলীগের রাজনীতি। প্রার্থিতার জানান দিতে ক্যাম্পাসে ব্যানার-ফেস্টুন লাগানোর পাশাপাশি মিছিল, মিটিং, শোডাউনে ব্যস্ত সময় পার করছেন পদপ্রত্যাশীরা। সব কিছু ছাপিয়ে আলোচনায় শীর্ষ দুই পদে আসছেন কারা। ‘স্থানীয় বলয়’ ভেঙে অন্য জেলার প্রার্থীরা আসবেন নাকি বরাবরের মতো ‘স্থানীয়’ নেতাদের দখলেই থাকবে শীর্ষ দুই  পদ সেটা নিয়ে জোর আলোচলা।

ক্যাম্পাস ও ছাত্রলীগ সূত্রে জানা যায়, পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার, গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, উপধর্মবিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সাকিবুল ইসলাম বাকি, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু।

তবে এসব প্রার্থীদের সিংহভাগের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, সিটবাণিজ্য, শিক্ষার্থী নির্যাতন ও দলীয় কোন্দল সৃষ্টিসহ নানান অভিযোগ। এ ছাড়া এই তালিকায় রয়েছে ড্রপ আউট, অছাত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা এ সব নেতার মধ্যে সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম লিংকন মার্কেটিং বিভাগ থেকে ২০১৭ সালে মাস্টার্স সম্পন্ন করেন। এখন সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়ে ছাত্রত্ব ধরে রেখেছেন।   তার বিরুদ্ধে দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন কমিটি না থাকায় একটি অচলাবস্থা তৈরি হয়েছিল। সেই দাবিতে বিভিন্ন সময় কথা বলাকে কেউ যদি দলীয় কোন্দল সৃষ্টি বলে তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক।’

শীর্ষ পদের দৌড়ে এগিয়ে থাকা আরেক নেতা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার ডন। সরকার ডন ফাইন্যান্স বিভাগ থেকে ২০১৮ সালে মাস্টার্স সম্পন্ন করেন। ছাত্রত্ব ধরে রাখতে তিনি ইংলিশ অ্যান্ড আদার ল্যাঙ্গুয়েজের জার্মান ভাষার শর্ট কোর্সে ভর্তি রয়েছেন। তবে তিনি ক্যাম্পাসে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত। এছাড়া শিবিরের বিরুদ্ধে ক্যাম্পাসে তার বেশ শক্ত অবস্থান ছিলো।

উপ-ধর্মবিষয়ক সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অনার্স শেষ করেছেন তিনি। কিন্তু ছাত্রত্ব ধরে রাখতে এখনো মাস্টার্স শেষ করেননি বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধেও দলীয় কোন্দল সৃষ্টির অভিযোগ রয়েছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমি সভাপতি সাধারণ সম্পাদক সাথেই সাংগঠনিক কার্যক্রম করেছি। আমি নেতৃত্বে আসলে সিট বাণিজ্য দূর করবো।

বর্তমান কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আসাদুল্লা হিল গালিব। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এরপর ড্রপ আউট হয়ে ছাত্রত্ব হারিয়েছেন। অভিযোগ আছে ভুয়া সার্টিফিকেট নিয়ে তিনি সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছেন। এ সব অভিযোগ মিথ্যা দাবি করে তিনি বলেন, ‘আমি বর্তমানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সান্ধ্যকালীন কোর্সে ভর্তি রয়েছি।’

আলোচনায় থাকা আরেক পদপ্রত্যাশী গণযোগাযোগ ও উন্নয়নবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু মাঝে কিছু সময় ক্যাম্পাসে অনুপস্থিত ছিলেন। তবে সম্মেলনকে কেন্দ্র করে ক্যাম্পাসে তার সরব উপস্থিতি লক্ষণীয়। শিক্ষার্থীবান্ধব ছাত্রনেতা হিসেবে ক্যাম্পাসে তার পরিচিতি রয়েছে।

এ ছাড়া নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাকিবুল হাসান বাকির বিরুদ্ধে জোর করে চাঁদা আদায়, শিক্ষার্থীকে মারধর, সম্মেলনকে কেন্দ্র করে আলোচনায় আসতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, আমরা শিক্ষার্থী বান্ধব নেতৃত্ব চাই। যারা ক্যাম্পাসকে সকল ধরনের অপরাধ থেকে মুক্ত রাখতে পারবে। সিট বানিজ্য দূর করতে পারবে এমন নেতৃত্ব আমরা চাই।

Link copied!