‘জোহা দিবস’কে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের আহ্বান রাবি উপাচার্যের

রাবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০৪:০৭ পিএম

‘জোহা দিবস’কে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের আহ্বান রাবি উপাচার্যের

শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ। ছবি: পিআরও

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. শামসুজ্জোহার শাহাদাৎবার্ষিকী এবং শিক্ষক দিবস পালিত হয়েছে। 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এ সময় তাঁকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শহীদ ড. শামসুজ্জোহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ১৯৬৯ সালের আজকের দিনে ড. শামসুজ্জোহাকে হত্যা করে পাকসেনারা। আর এর পরেই দেশে চলমান আন্দোলন আরও বেগবান হয়ে উঠে। 

এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, রাবি প্রগতিশীল শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‍‍`জোহা স্মারক বক্তৃতা-২০২৪‍‍` আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ‘আমাদের শিক্ষা ভাবনা’।

সভায় স্মারক বক্তা সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বলেন, যারা রাষ্ট্রনায়ক এবং গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী তারা জনগণকে সন্তুষ্ট করতে গিয়ে প্রকৃতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে কিনা। আমাদের এই পারস্পরিক দ্বন্দ্বকে একত্র করে কিভাবে পৃথিবীতে টেকসই উন্নয়ন করা যায় সেটি হচ্ছে আজকের শিক্ষার সবচেয়ে বড় ভাবনা। এই ভাবনায় নতুন নতুন গবেষণা করা দরকার। যেমনটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদ ড. জোহা চেয়েছিলেন বাঙালি জাতি টিকে থাকুক, অগ্রগতি হোক, বাঙালি জাতির সংস্কৃতি অপসংস্কৃতিতে পরিণত না হয়ে জাগরুক থাক। তাই নিজের জীবন দিয়ে স্বাধীনতার গতিকে বেগবান করেছিলেন ১৯৬৯ সালের আজকের এই দিনে।

এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী।

দিবসটি উপলক্ষে দুপুরে কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Link copied!