দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফিজ সালেহ আহমেদ তাকরিম।
স্থানীয় সময় মঙ্গলবার (৪ এপ্রিল) দুবাই এক্সপো সিটির আল-ওয়াসাল প্লাজায় অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে পুরস্কার ও সম্মাননা তুলে দেন শেখ মুহাম্মদ বিন রশিদ বিন মুহাম্মদ রশিদ আলে-মাকতুম। খবরটি নিশ্চিত করেছেন তাকরিমের শিক্ষক ও মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম।
কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুযায়ী, তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে তাঁর ভুল হয়নি।
গত ২৪ মার্চ থেকে শুরু হয় দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২৬তম পর্ব। এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান লাভ করে ইথিওপিয়ার আব্বাস হাদি উমর ও তৃতীয় স্থান লাভ করে সৌদি আরবের খালিদ সুলাইমান সালিহ আল-বারকানি।
এর আগে গত বছর মার্চে ইরানে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় প্রথম এবং সেপ্টেম্বরে মক্কায় অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে তাকরিম।
এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেন তাকরিম।
সালেহ আহমদ তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তাঁর বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।