এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা বোর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২১, ০৪:৩৯ পিএম

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করেছে ঢাকা বোর্ড

করোনাভাইরাস সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড।

রবিবার (২৭ জুন)ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস.এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ স্থগিত করা হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে।

এর আগে,করোনাভাইরাস সংক্রমণের কারণে টেস্ট পরীক্ষা ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এইচএসসি  পরীক্ষার জন্য আগামী মঙ্গলবার (২৯ জুন) থেকে ফরম পূরণ শুরু করার কথা জানিয়েছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। বিলম্ব ফি ছাড়াই এই ফরম পূরণ আগামী ১১ জুলাই পর্যন্ত চলবে বলেও বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল। শুক্রবার (২৫ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। ফলে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এইচএসসি পরীক্ষা উপলক্ষে কোনো নির্বাচনী পরীক্ষা হবে না। তাই এ সংক্রান্ত কোনো ফি’ও নেওয়া যাবে না।

 

 

Link copied!