এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০১:৫৯ পিএম

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

রবিবার (১৭ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, এসএসসির এক থেকে দেড় মাস পর এইচএসসি পরীক্ষা নিতে হয়। সে কারণে নভেম্বরের গোড়ার দিকে এইচএসসি পরীক্ষা শুরু করতে চাই।  সাধারণত ফেব্রুয়ারির শুরুর দিকে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হতো। 

এই পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে মোট পরীক্ষার্থী কমেছে দুই লাখ ২১ হাজার ৩৮৬ জন। পরীক্ষায় ছাত্র ১০ লাখ নয় হাজার ৫১১ জন এবং ছাত্রী ১০ লাখ ১২ হাজার ৩৫৭ জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রী সংখ্যা বেশি দুই হাজার ৮৪৬ জন।

এ বছর নয়টি সাধারণ বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন এবং দাখিলে দুই লাখ ৬৮ হাজার ৪৯৫ জন ও কারিগরিতে এক লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশ নেওয়ার কথা।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Link copied!