অক্টোবর ৬, ২০২২, ০৩:২১ পিএম
আধুনিক বিশ্বে উচ্চ শিক্ষার পাশাপাশি কর্মমুখী শিক্ষা অর্জনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরণ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক আয়োজিত 'বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি কর্মশালা’ শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনাকে স্টাডি করার কথা জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপজ মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আজ বৃহস্পতিবার সকালে তিনি বলেন, আপনারা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্টাডি করেন। আধুনিক বিশ্বে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে তিনি জীবন্ত উদাহরন। এই বয়সে এসেও রাষ্ট্র পরিচালনার জন্য রাজনৈতিক অর্থনীতি, সমাজবিজ্ঞান, কূটনীতি, ধর্মীয় জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত সুনিপুন দক্ষতার পরিচয় দিচ্ছেন। তিনি মাঝে মাঝে সংবিধানের ব্যাখ্যা এমনভাবে দেন, যা দেখে আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরাও অবাক হয়ে যান।
ব্যক্তিজীবনে সমস্ত বিষয় প্রতিনিয়ত চর্চার মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতা নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। যার ফলে গোটা বিশ্বের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের আদর্শের প্রতিফলন ঘটাচ্ছেন। জাতিসংঘে বিশ্ব রাজনীতিবিদদের সঙ্গে অসাধারনভাবে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেছেন। আমাদের দেশের নানা জটিল সমস্যা মোকাবিলা করে প্রতিনিয়ত অগ্রগামী বাংলাদেশকে দেখে বিশ্ব আজ অবাক হয়ে তাকিয়ে থাকে। তাই বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্মমুখী শিক্ষার জন্য প্রতিটি শিক্ষার্থীর জন্য প্রকৃষ্ট উদাহরন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল অবকাঠামো সৃষ্টি করে দিয়েছেন, এর সর্বোত্তম ব্যবহার করতে পারিনি। তবে কোভিড-১৯ মহামারির জন্য তথ্য প্রযুক্তির ব্যবহারের পরিমান বৃদ্ধি পাচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের দক্ষতাও অর্জন করতে হবে। বাংলাদেশের অর্থনীতি অনুসারে যেসকল কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেগুলো নির্বাচন করে আমাদের উচ্চ শিক্ষা প্রয়োজন। গতানুগতিক পড়াশোনায় আবদ্ধ থাকলে কর্মজীবনে সফল হবোনা, সফল উদ্যোক্তাও হতে পারবনা। ডাটা এনালাইসিস, কোডিং, ভিন্ন ভাষা শেখা প্রভৃতি বিষয়ের উপর প্রত্যেক শিক্ষার্থীর গুরুত্ব দিতে হবে। আধুনিক বিশ্বে শিক্ষার্থীদের বহুমুখী জ্ঞানার্জন করা অত্যাবশ্যক।
আল নাহিয়ান খান জয় বলেন, বঙ্গবন্ধু কন্যাকে পেয়ে আমরা অত্যন্ত ভাগ্যবান। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে আজ আমরা ঘরে বসেই সকল কাজ করতে পারি। বাংলাদেশে এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। তারেক জিয়ারা যে পিছিয়ে যাওয়ার গল্প শোনাতে চায় তা কখনোই হবেনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে এই কর্মশালায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া প্রধান আলোচক ছিলেন বিসিএসআইআর এর চেয়ারম্যান অধ্যাপক. মেঃ আফতব আলী শেখ।