ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৪:৫৫ পিএম
কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে না পেয়ে ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী। গতকাল (৫ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মসজিদের সামনে এই ঘটনা ঘটেছে।
আটক হওয়া তিন শিক্ষার্থী হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ফজলে নাবিদ সাকিল, ম্যানেজমেন্ট বিভাগের মো. রাহাত রহমান ও সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাদিক আহাম্মদ। তারা তিনজনই ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। ফজলে নাবিদ সাকিল ও সাদিক আহাম্মদ ঢাবির বিজয় একাত্তর হলের গণরুমে, রাহাত রহমান চকবাজারের একটি ভাড়া বাসায় থাকে।
শাহবাগ থানার সাব-ইনসপেক্টর (এসআই) মো. ওমর ছানী নাঈম বলেন, তারা তিনজন রাত ৩টার সময়ে কাভার্ড ভ্যান আটকিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে, ৫০ হাজার টাকা না পেয়ে ড্রাইভারের কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় চকবাজার থানা পুলিশ আটক করে, সে সময় আমি ডিউটিরত অবস্থায় ছিলাম। পরে আটক করা তিনজন আসামিকে নিয়ে থানায় হাজির হই। ছিনতাইয়ের শিকার ব্যক্তি দস্যুতার মামলা দিলে আমলে নিয়ে তাদের কোর্টে প্রেরণ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এই বিষয়ে বলেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে গ্রেফতার দেখিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ও আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিবে।