চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গত বছর দুই নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার ঘটনায় অভিযুক্ত চার শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। যৌন নিপীড়ন সেলে জমা থাকা তিনটি অভিযোগের নিষ্পত্তি করে এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জান্নাতুল ইসলাম রুবেল, দর্শন বিভগের মো. ইমন আহম্মেদ ও রাকিব হাসান রাজু এবং আরবি বিভাগের জুনায়েদ আহমেদ। শিক্ষার্থীদের সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী।
সোমবার দুপুরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান এসব তথ্য জানান।
এসএম মনিরুল হাসান বলেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার ঘটনায় দায়ের করা অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ৪ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ওই দুই ছাত্রীকে হেনস্তার ঘটনা ঘটে।
প্রসঙ্গত, এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব। এদের মধ্যে দুই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই দুই শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
বহিষ্কৃত ওই দুই শিক্ষার্থী হলেন- ইতিহাস বিভাগের আজিম হোসেন (শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও নৃবিজ্ঞান বিভাগ দ্বিতীয় বর্ষের ছাত্র মো. নুরুল আবছার ওরফে বাবু।