চলতি সপ্তাহে ৪১তম বিসিএসের ফল প্রকাশে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।
শনিবার দুপুরে ৪১ তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টকে তিনি এ তথ্য জানান।
পিএসসি চেয়ারম্যান বলেন, “ ফল প্রকাশের দিনক্ষণ বলা যাবে না। তবে এই সপ্তাহেই হবে ইনশাল্লাহ, চেষ্টা করছি আমরা। পিএসসি ফল প্রকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছে।”
যতক্ষণ পর্যন্ত আমার কাছে নির্ভুলভাবে ফল না আসে, ততক্ষণ পর্যন্ত প্রকাশ করা হবে না উল্লেখ করে মো. সোহরাব হোসাইন বলেন, “ এটা এমন একটা সেনসিটিভ ইস্যু, কোনো ভুল রেখে ফল প্রকাশ করা হয় না। আগে আমরা নিশ্চিত হব যে এখন নির্ভুল আছে। অটোমেটেড ও ম্যানুয়ালি দুইভাবে পরীক্ষা করে আমাকে জানানো হয়েছে, এটা (ফল প্রস্তুত) শেষ পর্যায়ে আছে। রোববার থেকে বৃহস্পতিবারের মধ্যে আমরা ফল প্রকাশের আশা করছি।”
পিএসসি সূত্রে জানা গেছে, ৪১তম বিসিএসে মোট ৪ লাখ ৭৫ হাজার প্রার্থী আবেদন করে , যা এযাবৎকালের আবেদনগুলোর মধ্যে সর্বোচ্চ। ২০২১ সালের ১৯ মার্চ ৮ টি বিভাগীয় শহরে ৪১ তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি।
এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গত বছরের ১ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ২১ হাজার ৫৬ জন শিক্ষার্থী। এরপর আবশ্যিক বিষয়গুলোর লিখিত পরীক্ষা শুরু হয় গত বছরের ২৯ নভেম্বর, শেষ হয় ৭ ডিসেম্বর।