ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের ফুল দিলো ছাত্রদল

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩, ২০২২, ০৮:২৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুকদের ফুল দিলো ছাত্রদল

ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর গত ১০ দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাইরে ছিল ছাত্রদল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তিচ্ছুদের সহায়তা দিতে আবারো ক্যাম্পাসে আসেন তারা। ছাত্রলীগ এ সময় বাধা দেয়নি।

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রলীগের পক্ষ থেকেও নানা কর্মসূচি ছিল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য আসা শিক্ষার্থীদের মাঝে শান্তিপূর্ণভাবে শিক্ষা উপকরণ ও ফুল বিতরণ করে ছাত্রদলের ঢাবি ইউনিট। তবে ছাত্রদলের অভিযোগ পুলিশ ক্যাম্পাসে ঢুকতে তাদেরকে বাধা দিয়েছে।

শিক্ষা উপকরণ ও ফুল বিতরণের সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, সদস্য সচিব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক শাফি ইসলাম, জহির উদ্দিন, নাসির হোসেন, রুয়েল, আবু জাফর, শাহজাহান শাওন, খোরশেদ আলম সোহেল, জিহাদুল ইসলাম রঞ্জু, সোহেল রানা, হাসান, শরীফ প্রধান, রুবেল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, সকাল থেকেই ছাত্রদল ক্যাম্পাসে বিচ্ছিন্নভাবে অবস্থান নেয়। সকাল এগারোটায় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হলে দুপুর সাড়ে বারোটার একটু আগে তারা শহীদ মিনারের সামনে জড়ো হয়। সেখান থেকে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করার আশ্বাস দিলে পুলিশ তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়। পরে বেলা সাড়ে বারোটায় পরীক্ষা শেষ হলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে ফুল ও শিক্ষা উপকরণ বিতরণ করেন ছাত্রদল নেতাকর্মীরা।

Link copied!