ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৭, ২০২১, ১০:২৬ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু

করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর পর রবিবার(১৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। এতদিন অনলাইনে ক্লাস চললেও রবিবার থেকে সশরীরে শ্রেণিকক্ষে উপস্থিত হয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে পারছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

রবিবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা প্রবেশ করেন। এসময় প্রবেশ করার সময় তাদের আইডি কার্ড ও শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। এসময় শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দচিহ্ন দেখা যায়।

একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে সশরীরে পাঠদান ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কাউন্সিল প্রণীত ‘লস রিকোভারি প্ল্যান’ অনুসরণ করা হচ্ছে। এর আওতায় ছয় মাসের সেমিস্টার চার মাসে, আর বার্ষিক কোর্স এক বছরের পরিবর্তে আট মাসে নামিয়ে আনা হবে। সিলেবাস সম্পন্ন করতে শনিবারও ক্লাস নেওয়া যাবে। এছাড়াও শ্রেণিকক্ষে বা ল্যাবরেটরিতে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য প্রয়োজনে শিক্ষার্থীদের একাধিক সেকশনে বিভক্ত করে পাঠদান কার্যক্রম পরিচালনা করা যাবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে বলেন, “মহামারিতে সেশনজটের যে আশঙ্কা তৈরি হয়েছে, সেটা থেকে শিক্ষার্থীদের মুক্ত করতে আমরা ‘লস রিকোভারি প্ল্যান’ প্রণয়ন করেছি। তবে কোনোভাবে সিলোবাস সংকুচিত করা যাবে না। সিলেবাস যেটা আছে, সেটা অনুযায়ী আমাদের অতিরিক্ত ক্লাস নেয়ার পরিকল্পনা আছে। প্রয়োজনে শনিবারও ক্লাস নেয়ার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয়। শরৎকালীন ও শীতকালীন ছুটিও বাতিল করা হয়েছে। আমাদের লক্ষ্য হলো মহামারীতে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়া।”

এদিকে, রবিবার থেকে শিক্ষার্থীদের জন্য আগের মতো সব রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করবে।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার মো. আতাউর রহমান গণমাধ্যমে বলেন, ‘যেহেতু রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে, তাই আমরা আগের মতো নির্ধারিত সব রুটেই বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবা চালুর প্রস্তুতি নিয়েছি। আমাদের নিজস্ব বাস ছাড়াও বিআরটিসির যেসব বাস ব্যবহার করা হয়, তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। আগের সূচি অনুযায়ীই নির্ধারিত সব রুটে বাস চলবে।’

প্রসঙ্গত, গত ৫ অক্টোবর থেকে অন্তত এক ডোজ ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র ও বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র থাকা সাপেক্ষে শুধু স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। পরে ১০ অক্টোবর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের আবাসিক শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়।

Link copied!