ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ, ট্রাইবুনাল গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ০৯:২১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের গবেষণায় চৌর্যবৃত্তির প্রমাণ, ট্রাইবুনাল গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরের বিরুদ্ধে আনীত ‘গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে’র সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। তার শাস্তি নির্ধারণে তিন সদস্যের একটি ট্রাইবুনাল গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এই সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়। 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সূত্র জানায়, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে। আজ কমিটি প্রতিবেদন দাখিল করে, প্রতিবেদনে চৌর্যবৃত্তির প্রমাণ মেলে বলে জানান তদন্ত কমিটির সদস্যরা।

এর প্রেক্ষিতে, সিন্ডিকেট সভায় ঢাবি শিক্ষক লুৎফুল কবীরের শাস্তি নিরূপনে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রহমতউল্লাহর নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 

এর আগে অধ্যাপক লুৎফুল কবীরের ‘টিউবারকিউলোসিস অ্যান্ড এইচআইভি কো-রিলেশন অ্যান্ড কো-ইনফেকশন ইন বাংলাদেশ: অ্যান এক্সপ্লোরেশন অব দেয়ার ইমপ্যাক্টস অন পাবলিক হেলথ’ শীর্ষক গবেষণার সঙ্গে ২০১২ সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী-গবেষকের জমা দেওয়া একটি ‘স্টুডেন্ট পেপারস’-এর ৯৮% শতাংশ মিল খুঁজে পাওয়ার অভিযোগ উঠে।

অধ্যাপক লুৎফুলের এই গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ওষুধপ্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ আর সহতত্ত্বাবধায়ক ছিলেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক আ ব ম ফারুক।

Link copied!