ঢাবি অধিভূক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অক্টোবরে, আবেদন শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২১, ০২:২৬ পিএম

ঢাবি অধিভূক্ত ৭ কলেজের ভর্তি পরীক্ষা অক্টোবরে, আবেদন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আসছে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। শনিবার  (১০ জুলাই)  থেকে এসব কলেজের ভর্তি পরীক্ষার আবেদন অনলাইনে  শুরু হয়েছে।  পরীক্ষার জন্য আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) ও অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। তবে দেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার আবেদন ফি রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং বিকাশ ও রকেটের মাধ্যমে দেওয়া যাবে।

ভর্তিচ্ছু আবেদনকারীর যোগ্যতা

২০২০-২১ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য বিজ্ঞান ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) প্রাপ্ত দুই জিপিএ যোগ করে ভর্তিচ্ছুকদের ন্যূনতম জিপিএ ৭ থাকতে হবে। একইভাবে, বাণিজ্য ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ ন্যূনতম ৬ দশমিক ৫ এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের জন্য দুই পরীক্ষার জিপিএ ন্যূনতম ৬ থাকতে হবে।

ঢাবি অধিভূক্ত সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিতে এবার ১২০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা নেওয়া হবে। নৈর্ব্যক্তিক পরীক্ষায় ৪০ শতাংশ অর্থাৎ ৪৮ নম্বর পেলেই শিক্ষার্থী উত্তীর্ণ বলে বিবেচিত হবে।

Link copied!