দিন সাতেক আগে দেশের একটি অন্যতম শিল্পগোষ্ঠীতে যোগ দিয়েছিলেন আফসীন আহমেদ (২৭)। আজ সোমবার বিকেলে বনানীতে ওই ভবনের নিচের রাস্তায় তাঁর মৃতদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন, আফসীন আহমেদ আত্মহত্যা করেছেন। থানা থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বনানী থানায় সন্ধ্যার দিকে তাঁর স্বামী গেছেন বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিঞা বলেন, বিকেল চারটার দিকে তারা একজন নারীকে রাস্তায় মৃত পড়ে থাকার খবর পান। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি ভবনের ১৪ তলায় কাজ করতেন। সেখান থেকে ভিডিও ফুটেজে তাকে খুব স্বাভাবিকভাবে নেমে যেতে দেখা যায়। অফিসের আরও ফুটেজ তাদের হাতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার তারা ফুটেজগুলো আবারও দেখবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউট (আইবিএ) থেকে স্নাতক করেছিলেন আফসীন। তুখোড় ছাত্রী ছিলেন। আফসীন লিখতেন চমৎকার। গিটার বাজিয়ে গানও গাইতেন। নানা কারণে তিনি বিষণ্নতায় ভুগছিলেন। চার বছর আগে বাবাকে হারিয়েছেন। মা ক্যানসারে ভুগছেন। ছোট একটা ভাই আছে আফসীনের। দিন তিনেক আগে তার মা তাকে দেখে গেছেন।
এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আফসীনদের বাড়ি নোয়াখালীর চাটখিল।