ঢাবিতে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৫, ২০২১, ০৯:০৬ পিএম

ঢাবিতে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে

আগামী পহেলা জুলাইয়ের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনে পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)কর্তৃপক্ষ।

বুধবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) এএসএম মাকসুদ কামাল গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনার কারণে সেশনজটের শঙ্কায় ডিনস কমিটির জরুরি বৈঠকে অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জুলাই মাসের মধ্যে যদি সশরীরে পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তাহলে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তিন ঘণ্টার পরীক্ষা এক ঘণ্টা বা দেড় ঘণ্টায় নেওয়া হবে।’

এই মর্মে দুই সপ্তাহের মধ্যে প্রতিটি অনুষদের ডিনদের অনুষদভিত্তিক কৌশলপত্র প্রণয়নের আহ্বান করা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে বৃহস্পতিবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয়সূত্রে জানা গেছে।

Link copied!