ঢাবিতে উদযাপিত হলো জাতীয় পতাকা উত্তোলন দিবস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২, ২০২৩, ০৩:২০ পিএম

ঢাবিতে উদযাপিত হলো জাতীয় পতাকা উত্তোলন দিবস

২ মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। বিশ্ববিদ্যালয়ের বটতলায় ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি রক্তচক্ষু উপেক্ষা করে ছাত্র-জনতা বাংলার আকাশে উঁচিয়ে ধরেছিলেন লাল সবুজের পতাকা। প্রতি বছরের মতো এবারও দিবসটি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

সকালে বিশ্ববিদ্যালয়ে কলাভবনের সামনে বটতলায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আবহে তখন জাতীয় সঙ্গীত।

পরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা ৭১ এর এই দিনের ইতিহাস তুলে ধরেন।

বক্তারা জানান, পতাকাটি উত্তোলন করেছিলেন ডাকসুর সাবেক সহসভাপতি আ স ম আব্দুর রব। এই দিনটিকে বাঙালির মনে রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এই সাহস বাঙালির অহংকারের। একটি রাষ্ট্রের পরিচয়, স্বকীয়তা আর অহংকার তার জাতীয় পতাকা। এক নদী রক্ত পেরিয়ে অর্জিত হয় বাংলার লাল সবুজের পতাকা।

Link copied!