ঢাবির মাস্টার্স প্রোগ্রামে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩০, ২০২২, ০৯:৪৪ পিএম

ঢাবির মাস্টার্স প্রোগ্রামে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ভর্তির সুযোগ পাবেন

আসন ফাঁকা থাকা সাপেক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)নিয়মিত স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে  অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও  ভর্তি  পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারবেন। এক্ষেত্রে বয়সের কোনো বাধা থাকবে না। এর আগে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্নাতকের শিক্ষার্থীরাই মাস্টার্সে ভর্তির সুযোগ পেতেন। 

মঙ্গলবার ঢাবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে বিষয়টি  নিশ্চিত করেছেন।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “আগে আমাদের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স বা স্নাতকোত্তর পর্যায়ে লেটারাল এন্ট্রি ছিল না। আমাদের ছেলে-মেয়েরাই  মাস্টার্সে ভর্তি হত। এখন থেকে আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বিদেশি শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন। তবে তাদের কিছু শর্ত মেনে  মাস্টার্স প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।” মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বয়সের কোনো সীমা রাখা হয়নি বলেও জানান ঢাবির এই  উপ-উপাচার্য ।

বিভিন্ন কারণে শিক্ষার্থীরা মাস্টার্সে ভর্তি না হওয়ায় প্রতিটি বিভাগে আসন ফাঁকা থেকে যায় উল্লেখ করে ঢাবির এই উপ উপ-উপাচার্য আরও বলেন,“ ফাঁকা আসনগুলো পূরণ করার জন্য  বিভাগ/ইনস্টিটিউট পর্যায় থেকে বিজ্ঞাপন দেওয়া হবে এবং আবেদনকারীদের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ে ওইসব ফাঁকা আসন পূরণ করা হবে।”

Link copied!