সেপ্টেম্বর ১৮, ২০২২, ১১:১৮ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব দুর্গা পূজা। এই পূজার মধ্যেই পরীক্ষা নেয়ার রুটিন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। রুটিনে পূজার সময় এমএসএস (মাস্টার্স) প্রথম সিমেস্টার পরীক্ষা থাকায় তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে ওই সিমেস্টারের শিক্ষার্থীরা।
রুটিন অনুসারে এমএসএস প্রথম সিমেস্টারের পরীক্ষা শুরু হবে আগামী ২৫ সেপ্টেম্বর থেকে। ২৭ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় পরীক্ষা। শেষ দুই পরীক্ষার তারিখ ০১ অক্টোবর ও ০৩ অক্টোবর।
পহেলা অক্টোবর দুর্গাপূজার ষষ্ঠী ও ০৩ অক্টোবর দুর্গাপূজার অষ্টমীর দিন। ধর্মীয় উৎসবের দিন পরীক্ষার তারিখ প্রদান করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছে উক্ত সিমেস্টারের শিক্ষার্থী সময় দ্বীপ শাহা কুনাল।
দ্যা রিপোর্ট ডট লাইভকে কুনাল বলেন, রুটিন দেখার পর তাৎক্ষণিকভাবে আমরা বিভাগীয় চেয়ারম্যান স্যারের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেছেন ০৩ অক্টোবরের পরীক্ষাটি পরবর্তী সময়ে নেয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুসারে ০১ অক্টোবর থেকে পূজোর ছুটি না হওয়ায় যথারীতি পরীক্ষা নেয়া হবে।
এ বিষয়ে এমএসএস প্রথম সিমেস্টারের শ্রেণি প্রতিনিধি শীস মো. আবু আয়ূব দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, গত এপ্রিলেই এই সিমেস্টারের ক্লাস শেষ হয়ে যায়। এরপর থেকে আমরা পরীক্ষার জন্য অপেক্ষায় ছিলাম। কিন্তু দূর্গাপূজোয় আমাদের পরীক্ষার সময় পরবে এটা আমরাও ভাবতে পারিনি। তবে রুটিন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা শিক্ষার্থী উপদেষ্টা ও চেয়ারম্যান স্যারকে জানিয়েছি। চেয়ারম্যান স্যার রুটিন পরিবর্তনের আশ্বাস দিয়েছেন।
এই বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান মুহাম্মাদ রুহুল আমিন বলেছেন, পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে আমরা ০১ তারিখ ও ০৩ তারিখ দুইটি পরীক্ষাই পরিবর্তন করার চেষ্টা করব।
প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে আগামী ০২ অক্টোবর থেকে ০৫ অক্টোবর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ থাকবে।