পাঁচ দিন পর সাভারের সেই স্কুলে পাঠদান শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২২, ০১:১১ পিএম

পাঁচ দিন পর সাভারের সেই স্কুলে পাঠদান শুরু

ঢাকার সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যার পাঁচ দিন পর অবশেষে ওই স্কুলে পাঠদান শুরু হয়েছে।

নিরাপত্তার মধ্য দিয়ে পাঁচদিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে স্কুলে শুরু হয় পাঠদান। তবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মনে এখনও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “অভিযুক্ত শিক্ষার্থী জিতু ও তার বাবা রিমান্ডে থাকলেও জিতুর অনুসারীরা এখনো ধরা পড়েনি। এ ঘটনায় আতঙ্ক বিরাজ করছে শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে।”

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে ওই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে  স্কুল খোলার কথা জানান ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার।

সভায় শিক্ষক শিক্ষার্থীরা, শিক্ষক উৎপল কুমার হত্যাকারী বখাটে জিতুকে গ্রেপ্তারের জন্য পুলিশকে ধন্যবাদ জানান। পাশাপাশি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি, নিহতের পরিবারের ক্ষতিপূরণ ও নিরপত্তা নিশ্চিতের দাবি করেন। এ ছাড়া বিভিন্ন সময় এই শিক্ষক-শিক্ষার্থী বখাটেদের প্রভাবসহ নানান সমস্যা তুলে ধরেন।

প্রসঙ্গত, গত ২৫ জুন সাভারের হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। ওই সময় শিক্ষক উৎপল কুমার মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখছিলেন। দুপুরের দিকে হঠাৎ এক ছাত্র মাঠ থেকে ক্রিকেট খেলার স্ট্যাম্প নিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। উৎপলকে দ্রুত উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে ও পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই নিহত শিক্ষকের ভাই অসীম কুমার বাদী হয়ে আশুলিয়া থানায় স্কুলছাত্র জিতুকে প্রধান আসামি ও আরও তিন-চার জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন।

Link copied!