ডিসেম্বর ২৪, ২০২১, ০২:৪১ পিএম
আলোকচিত্রী পাভেল রহমান ও শিক্ষাবিদ-রাজনীতিবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী ‘অন্নদামোহ রায় চৌধুরী সম্মাননা ২০২১’ ভূষিত করা হয়েছে। আলোকচিত্র শিল্পে বিশেষ অবদান রাখার জন্য পাভেল রহমানকে এবং রংপুর অঞ্চলের শিক্ষা-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীকে এই সম্মাননা দেওয়া হয়।
কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মীর রবি ও সভাপতি তাপস কুমার সাহা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পুরস্কারের কথা ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন গুণীজনদের সম্মান জানাতে প্রজাহিতৈষী ও শিক্ষানুরাগী জমিদার অন্নদামোহন রায় চৌধুরী বাহাদুরের স্মৃতিতে অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা প্রবর্তন করা হয়েছে। প্রতি বছর শিক্ষা শিল্প-সাহিত্য সংস্কৃতি ও রাজনীতিসহ বিভিন্ন অঙ্গনে অগ্রণী ভূমিকা রাখার জন্য দেশের নানা প্রান্তের বিশিষ্টজনদের অন্নদামোহন রায় চৌধুরী সম্মাননা প্রদান করা হবে।
এরই ধারাবাহিকতায় এ বছর আলোকচিত্রী পাভেল রহমান ও শিক্ষাবিদ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানীকে এই সম্মাননায় ভূষিত করা হয়। ২৫ ডিসেম্বর ২০২১ পীরগাছার অন্নদানগরে প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের পাঠাগারের আনুষ্ঠানিক উদ্বোধনে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্র সমাজ-সংস্কৃতি চর্চা কেন্দ্র ১ আগস্ট ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়। তৃণমূল পর্যায়ে মুক্তবুদ্ধির চর্চা ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখতে এই কেন্দ্র কাজ করে যাচ্ছে।