আগস্ট ৩, ২০২২, ১২:০২ এএম
বেশ কযেকজন শিক্ষকের পিএইচডি গবেষণা পত্রে চুরির বিষয়টি নিয়ে বিব্রত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তাই চৌর্যবৃত্তি ঠেকাতে এবং বাংলা ভাষায় গবেষণায় মৌলিকত্ব যাচাইয়ে সফটওয়্যার চালু করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বাংলা টেক্সট সিমিলারিটি নির্ণয়ের এ সফটওয়্যার উদ্বোধন করেন উপাচার্য মো. আখতারুজ্জামান। এই সফটওয়্যারের নাম দেওয়া হয়েছে dubd21 সফটওয়্যার।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আবদুস সাত্তার এবং তার দল এটি তৈরি করেছেন।
ইংরেজিতে লেখা গবেষণায় চৌর্যবৃত্তি শনাক্তকরণে সহায়তার জন্য টারনিটিনসহ বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। বাংলায় লিখা গবেষণার চৌর্যবৃত্তি শনাক্তকরণে ছিল না কোনো সফটওয়্যার।
উদ্ভাবক অধ্যাপক আবদুস সাত্তার বলেন, ‘এই সফটওয়ারের আরও ডেভেলপমেন্ট হবে। প্রাইমারি সোর্স ইনক্লুড কসহ এতে বিভিন্ন সংযোজন করতে হবে। তারপর নীতিমালার আলোকে আমরা এটিকে কমার্শিয়ালি লঞ্চ করব।’
গবেষণায় চুরি ধরতে সফটওয়্যার বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, “এই সফটওয়্যার উদ্ভাবনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এক নতুন যুগে পদার্পণ করেছে। এটি আমাদের অসাধারণ একটি অর্জন। ইন্ডাস্ট্রি-একাডেমিয়া অ্যালায়েন্স তৈরিতে এটি অবদান রাখবে।” ‘বাংলা ভাষাভাষী বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এটি ব্যবহার করতে পারবে। বিশ্ববিদ্যালয়, দেশ-জাতি তথা সভ্যতার উন্নয়নে এটি নানাভাবে অবদান রাখবে।”
এই সফটওয়্যারে বাংলা ভাষায় লিখিত বিভিন্ন রিসার্চ আর্টিকেল ও অ্যাসাইনমেন্ট প্রাইমারি সোর্স হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে উইকিপিডিয়াসহ বিভিন্ন গবেষণা জার্নালকে ব্যবহার করা হবে।
তারপর নতুন কোনো গবেষণার সিমিলারিটি ইনডেক্স নির্ণয়য়ের জন্য সফটওয়্যারে ইনপুট করা হলে সফটওয়্যার সেটি নির্ণয় করবে।