সেপ্টেম্বর ১৩, ২০২১, ০৫:১৮ পিএম
শিক্ষা কার্যক্রমকে বিজ্ঞান-প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সময়োপযোগী করাকে অপরিহার্য বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপনা অবলোকনকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান-প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদেরও এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। আমাদের যে নীতিমালা আছে, সে নীতিমালার ভিত্তিতে আমরা শিক্ষাকার্যক্রম পরিচালনা করব। তবে এক্ষেত্রে সবার বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে আমাদের’।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের ছেলেমেয়েরা একসময় বিজ্ঞান শিক্ষা নিতেই চাইত না। কিন্তু আমরা বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিয়ে ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করেছি। যেহেতু আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি এবং বাস্তবায়ন করে যাচ্ছি।
শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা স্কুল-কলেজ খুলে দিয়েছি, ধীরে ধীরে সবগুলো খুলে দেওয়া হবে। আবার নতুনভাবে শিক্ষাকার্যক্রম শুরু হবে।
করোনাকালে শিক্ষা কার্যক্রম সচল রাখায় সংশ্লিষ্টদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন ‘আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, আমরা প্রায় দেড় বছরের মতো আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে পারিনি। যদিও অনলাইনে বা টেলিভিশনের মাধ্যমে বা ঘরে বসেই আমরা স্কুলের বহুমুখী কার্যক্রম হাতে নিয়েছি, কাজ করেছি। কিন্তু স্কুলে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আনন্দ থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হয়েছে’।
শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বিভিন্ন এলাকায় নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘যেসব এলাকায় স্কুল ছিল না, সেসব এলাকায় আমরা স্কুল তৈরি করে দিচ্ছি। আমাদের নদী-নালা, খাল-বিলের দেশ। ছোট ছোট শিশুদের যোগাযোগ ও যাতায়াতের ব্যবস্থা বিবেচনা করেই কিন্তু আমরা বিভিন্ন এলাকায় স্কুল তৈরি করার ব্যবস্থা নিয়েছি’।