বিতর্কিত শিফট পদ্ধতিতেই হবে জাবির ভর্তি পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৬, ২০২২, ০২:৫৭ পিএম

বিতর্কিত শিফট পদ্ধতিতেই হবে জাবির ভর্তি পরীক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই থেকে শুরু হবে। আগামী ৪ আগস্ট শেষ হবে এবারের ভর্তি পরীক্ষা। শনিবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এই তথ্য জানিয়েছেন। তবে প্রতিবারের মতো এবারও ভর্তি পরীক্ষায় বিতর্কিত শিফট পদ্ধতি রাখা হচ্ছে।

যদিও কয়েক বছর ধরেই এটি বাতিল করার দাবি জানিয়ে আসছেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। তাদের দাবি এতে মেধার সঠিক মূল্যায়ন হয় না। কোনো এক শিফটের পরীক্ষার্থীরা মেধা তালিকায় অনেক বেশি স্থান পায়। আবার কোন শিফট থেকে হাতেগোনা কয়েকজন মেধা তালিকায় আসতে পারেন। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলেও তার প্রমাণ মিলে। গত বছর 'ডি' ইউনিটের ৩২০ আসনের মধ্যে ১০৪ জনই এসেছেন পঞ্চম শিফট থেকে। অন্যদিকে তৃতীয় শিফট থেকে স্থান পেয়েছিলেন মাত্র একজন।একইভাবে 'বি' ইউনিটের ৩২৬ আসনের মধ্যে ২১৭ জনই চান্স পেয়েছেন পঞ্চম শিফট থেকে। এরমধ্যে ছাত্র ও ছাত্রীদের আলাদা মেধা তালিকায় যথাক্রমে প্রথম ১০ জনের ৯ জনই ছিলেন পঞ্চম শিফটের পরীক্ষার্থী।

কখন পরীক্ষাগুলো হবে

 

তিনি বলেন, ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১ আগস্ট ‘বি’ ইউনিট। ২ আগস্ট ‘এ’ ইউনিট। ৩ আগস্ট ‘এ’ এবং ‘ডি’ ইউনিট এবং ৪ আগস্ট ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর 'সি' ও 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ শিফট, 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা ৭ শিফট, 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ শিফট এবং 'ই' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ শিফটে অনুষ্ঠিত হবে। 

এছাড়া তিনি আরও  বলেন, এসএসসি পরীক্ষা বিবেচনায় জাবির ভর্তি পরীক্ষার মূল তারিখ নির্ধারণ করা হয়েছে। এসএসসি পরীক্ষা শুরু হলে আমাদের ধারণক্ষমতা কমে যায়। সকল বিষয় বিবেচনা করেই জাবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হচ্ছে।

এদিকে জাবির ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ও সময়সূচি পরবর্তীতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও আসনবিন্যাস  juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা যায়, এবার জাবির ‘এ’ ইউনিটে ৪৬৬ আসনের বিপরীতে ৭৬ হাজার ৩৭৯ জন, ‘বি’ ইউনিটে ৩৮৬ আসনের বিপরীতে ৪৮ হাজার ৩৪৭ জন, ‘সি’ ইউনিটে ৪৬৭ আসনের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন, ‘ডি’ ইউনিটে ৩২০ আসনের বিপরীতে ৮৭ হাজার ৭২৮ জন ও ‘ই’ ইউনিটে ২৫০ আসনের বিপরীতে ১৮ হাজার ৭২১ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

এবার বিশ্ববিদ্যালয়টির গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট; সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট; কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইন্সটিটিউট মিলে ‘সি’ ইউনিট; জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই’ ইউনিটের অধীনে পাঁচ অনুষদে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

Link copied!