বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যা জানা গেলো

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২১, ০৩:৫৯ পিএম

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে যা জানা গেলো

আসছে ২৭ সেপ্টেম্বরের মধ্যেই সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলে দিতে পারবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন ওই বৈঠকে।

বৈঠকে ডা. দীপু মনি বলেন, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে জন্মনিবন্ধন সনদ দিয়ে ইজিসির অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ২৭ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধন করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলে দিতে পারবে। তবে সে ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই টিকা দেওয়া কার্যক্রম শুরু করতে হবে।

এর আগে গত ২৬ আগস্ট জানানো হয়েছিল, ১৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় খোলা হতে পারে। তবে খোলার আগে সব বিশ্ববিদ্যালয় থেকে টিকা সংক্রান্ত তথ্য পাঠাতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। যেসব বিশ্ববিদ্যালয় শতভাগ টিকার আওতায় আসবে সেগুলো আগে খুলবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার দেড় বছর পর ১২ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে খুলেছে মেডিকেল কলেজ, ডেন্টাল ও নার্সিং সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও।

Link copied!