ভর্তি জালিয়াতি: বহিষ্কার হচ্ছে ঢাবির ৭ শিক্ষার্থী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৮:১০ পিএম

ভর্তি জালিয়াতি: বহিষ্কার হচ্ছে ঢাবির ৭ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অবৈধ পন্থা অবলম্বন করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাতজন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা পরিষদ। বহিষ্কারের এই সুপারিশ আগামী সিন্ডিকেট মিটিংয়ে উত্থাপন করা হলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এছাড়াও সভায় ক্যাম্পাসের শৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত থাকার জন্য দুই শিক্ষার্থীকে শোকজ নোটিশও পাঠিয়েছে। 

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাস রুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে শৃঙ্খলা পরিষদের এক সভায় এ সুপারিশ করা হয়। বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। 

তিনি বলেন, 'ডিজিটাল ভর্তি জালিয়াতি এবং অবৈধপন্থায় ভর্তি হওয়ার অভিযোগে আমরা সাতজন শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করেছি। তারা  ২০১৩-১৪ সেশন থেকে শুরু করে ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষায় অবৈধ পন্থা অবলম্বন করেছিলেন। আর দুইজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।' 

সভায় পরীক্ষার খাতায় অসঙ্গতিপূর্ণ নাম্বার দেওয়ায় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তিন শিক্ষককে তিন বছর পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যহতি দিয়েছে শৃঙ্খলা পরিষদ। একইসাথে বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের ১৪৭ জন শিক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার জন্যে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদানের সুপারিশ করেছে শৃঙ্খলা পরিষদ। 

Link copied!