‘মানসিক স্থিরতা’ ফিরে পেতে বিশ্রামে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০২:২০ পিএম

‘মানসিক স্থিরতা’ ফিরে পেতে বিশ্রামে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক

‘মানসিক অস্থিরতায়’ ভুগছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। একের পর এক করে যাচ্ছেন উদ্ভট কাণ্ড। মানসিক স্থিরতা অর্জন করতে তাঁকে বিশ্রামে রাখতে পরিবারকে পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আখতারুজ্জামান।

অভিযোগ মতে, গত ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণীকক্ষে এসে আপত্তিকর আচরণ করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী। সাংস্কৃতিক সপ্তাহ চলায় বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সেখানে। প্রতক্ষ্যদর্শী একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, গত মঙ্গলবার পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী শ্রেণীকক্ষে প্রবেশ করার একটু পরই উচ্চস্বরে কথা বলা শুরু করেন। এরপর নানান অপ্রাসঙ্গিক কথা বলেন। 

শ্রেণীকক্ষে এসে ‘সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা কি শেখায়, ছেলেমেয়েরা উল্টাপাল্টা সংবাদ করে কেন, এই বিভাগ উঠিয়ে দিবে, শিক্ষার্থীদের সনদ আটকে দিবে, শিক্ষকদের সনদ বাতিল করে দিবে, সমাজ রাখবে না, বাংলাদেশ রাখবে না, সবকিছু উঠিয়ে দিবে, ১০ বার হজ্ব করেছে আমি। এরকম কাজ করতে পারি না। আমার বিরুদ্ধে এরকম নিউজ হয়েছে কেন’ -এমন অনেক কথা বলতে থাকেন তিনি।

এর একদিন পর বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) প্রশাসনিক ভবনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে উপাচার্যের বাসভবনে গিয়ে আকাশের পানে তাকিয়ে মোনাজাত করেছেন। কিন্তু কেউ জানে না কি উদ্দেশ্যে মোনাজাত করেছে। 

এরপর নিজের ফেসবুক পেইজে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, সদ্য প্রয়াত সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বিউটি আক্তারের আত্মার মাগফিরাত কামনা করার জন্য ভিসি স্যারের বাসভবনে মরহুমার জন্য দোয়া করা হয়েছে। 

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ আখতারুজ্জামান দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, পরীক্ষা নিয়ন্ত্রকের এরকম পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি। ইতিমধ্যে তাঁর পরিবারকে অবহিত করেছি। একই সঙ্গে বিশ্রামে রাখার পরামর্শও দিয়েছি।

পরীক্ষা নিয়ন্ত্রকের পদে নতুন কাউকে দায়িত্ব দেয়া হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে তিনি আরও বলেন, যদি প্রয়োজন পড়ে অবশ্যই নতুন কাউকে দায়িত্ব দিব। এরকম গুরুত্বপূর্ণ পদ তো আর শূন্য রাখা যায় না। তবে বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্রামে থাকা অবস্থায় অন্য কাউকে দায়িত্ব দেয়া হবে না। 

ছুটির বিষয়ে জানতে চেয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীকে পাওয়া যায়নি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর বিরুদ্ধে গত বছর অক্টোবর মাসে বিজ্ঞপ্তি না দিয়েই মৌখিকভাবে ৫৩ জনকে নিয়োগ, বাজারদরের চেয়ে কম দামে পছন্দের ব্যক্তির কাছে পুরোনো কাগজ বিক্রি, অধিভুক্ত কলেজের প্রবেশপত্র ফি নগদে গ্রহণ ও লেনদেনে অস্বচ্ছতাসহ অনিয়মের অনেকগুলো অভিযোগ উঠেছিল। পরবর্তীতে দুর্নীতি দমন কমিশন (দুদক) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি দিয়ে পরীক্ষা নিয়ন্ত্রকের বিষয়ে তথ্য চেয়েছিল। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার সরকার ও হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম দুদকের চিঠির জবাব দিয়েছিলেন।

Link copied!