দেশের সকল মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ২ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে ডেন্টালেল ভর্তি পরীক্ষার ব্যাপারে এখনও কোন নির্দেশনা দেয়া হয়নি। গতকাল রবিবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ তথ্য জানান হয়।
বাংলাদেশের নাগরিক যারা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমানের পরীক্ষায় এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় (পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞানসহ) উত্তীর্ণ হয়েছেন শুধু তারা ভর্তির আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৮ হতে হবে। কোনো পরীক্ষায় ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০-এর কম হলে শিক্ষার্থীরা আবেদনের জন্য যোগ্য বিবেচিত হবেন না। এ ছাড়া সবার জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৩ দশমিক ৫০ থাকতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং ‘ও’ লেভেল ‘এ’ লেভেল পড়ুয়া শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনকারীদেরকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর পরিচালক (চিকিৎসা শিক্ষা), মহাখালী, ঢাকা বরাবর দুই হাজার টাকার ব্যাংক ড্রাফট/পে অর্ডারসহ আবেদন করে জিপিএ রূপান্তর করে সমমানের সার্টিফিকেট সংগ্রহের সময় আইডি নম্বর নিতে হবে। সমমানের সার্টিফিকেট সংগ্রহের সময় এসএসসি সনদপত্রের সত্যায়িত কপি সাথে আনতে হবে।
আগামী ১১ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ১ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা জমা দিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আবেদনপত্র পূরণ করতে হবে। মার্চের ২০ থেকে ২৫ তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময় নির্ধারণ করা হয়েছে।