যেভাবে হতে যাচ্ছে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৫:৫৭ পিএম

যেভাবে হতে যাচ্ছে ২০২৩ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষা

আগামী ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা চলতি বছরের পুনর্বিন্যাসকৃত সিলেবাসের আলোকে হবে। এর অর্থ হলো ২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে।  

সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে হবে। 

এতে আরও বলা হয়েছে, এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ এবং অন্যান্য বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। 

এর আগে, গত ১২ এপ্রিল সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, ‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর ওই বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সব বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে।’

ওই সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, “২০২৩ সালের এসএসসি পরীক্ষা আগামী বছরের এপ্রিলে এবং এইচএসসি পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।”

Link copied!