রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করায় ঢাবিতে সংঘর্ষে আহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৭, ২০২৩, ০৭:৪৬ পিএম

রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ করায় ঢাবিতে সংঘর্ষে আহত ৪

ছাত্র রাজনীতির আঁতুরঘর খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অঞ্চলভিত্তিক রাজনীতির প্রতি অধিকতর ঝোঁক থাকে। হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনের পর কিছুদিন প্রতিটি হলে দুটি গ্রুপে বিভক্ত থাকলেও অধিকাংশ সময়ই চারটি গ্রুপে বিভক্ত থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। 

গত ফেব্রুয়ারিতে হল কমিটি হওয়ার পর দুটি গ্রুপ থাকলেও ডিসেম্বরের শেষদিকে ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় নতুন নেতৃত্ব আসার পর আবারও বদলে গেছে চিত্র। 

প্রতিটি হলের ছাত্রলীগ কর্মীরা স্বাধীনভাবে চারটি ভাগে বিভক্ত হয়ে কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী হচ্ছে। অঞ্চলভিত্তিক নতুন পক্ষ তৈরি হওয়ায় হল শাখার সভাপতি-সাধারণ সম্পাদকদের কর্তৃত্ব প্রায় শেষ হওয়ার পথে। সভাপতি-সাধারণ সম্পাদকেরা কর্তৃত্ব ছাড়তে চাইছেন না বঙ্গমাতা হলের সভাপতি ও সাধারণ সম্পাদক।

হল সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী না হয়ে স্বতন্ত্রভাবে মুভ করায় শোভাযাত্রার শাড়ি থেকে বঞ্চিত হয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী। 

পরবর্তীতে এই ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন নেত্রীসহ চারজন আহত হন। 

ছাত্রলীগের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়া শোভাযাত্রার জন্য বঙ্গমাতা হলের ছাত্রলীগের নেত্রীদের জন্য একই রঙের শাড়ির ব্যবস্থা করা হয়েছিল। 

তানিয়া আক্তার তাপসী তাঁর অনুসারীদের জন্য শাড়ি চাইলে তা দিতে অস্বীকৃতি জানান বঙ্গমাতা হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিনা ইয়াসমিন। এর ফলে তানিয়া আক্তার তাপসী হল শাখা ছাত্রলীগের সঙ্গে না গিয়ে নিজের অনুসারীদের নিয়ে আলাদাভাবে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। 

আলাদাভাবে শোভাযাত্রায় অংশ নেয়ার কারণে গতকাল সন্ধ্যার পর হলে গেলে রনক জাহান রাইন, তানিয়া আক্তার তাপসী ও তাঁদের অনুসারীদের সঙ্গে কোহিনূর-সানজিনা ও তাঁদের অনুসারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে ৪ জন আহত হয়ে চিকিৎসাসেবা গ্রহণ করে। আহত চারজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডা. মোহাম্মদ মোর্তজা চিকিৎসাকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই হলে ফিরেছেন।

ঘটনার পরপরই বঙ্গমাতা হলে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারন সম্পাদক তানভীর হাসান সৈকত। 

ঘটনার প্রেক্ষিতে তানভীর হাসান সৈকত বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হোক কিংবা ছাত্রলীগের কর্মী হোক, কারো সঙ্গেই এই ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। হল প্রাধ্যক্ষ, বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সভাপতি মাজহারুল কবির শয়নের সঙ্গে আলোচনা করে আমরা সমাধান করেছি।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের হল কমিটি হয়েছে গত ফেব্রুয়ারিতে। ১৮টি হলের ৩৬টি সভাপতি-সাধারণ সম্পাদক পদ তখন ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে ভাগ-বাটোয়ারা হয়েছিল।

হল সম্মেলন হওয়ার আগে বঙ্গমাতা হলের সভাপতি ছিলেন বেনজীর হোসেন নিশি ও সাধারণ সম্পাদক ছিলেন রনক জাহান রাইন। গত ফেব্রুয়ারিতে বঙ্গমাতা হলের নতুন সভাপতি হন কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক হন সানজিনা ইয়াসমিন।

হল সম্মেলনে তানিয়া আক্তার তাপসী প্রার্থী থাকায় পরবর্তীতে একাই ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। গত ২০ ডিসেম্বর নতুন কমিটি হওয়ার পর থেকে তানিয়া আক্তার তাপসীর নেতৃত্বে বঙ্গমাতা হলের কিছু সংখ্যক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে অনুসরণ করা শুরু করে।

Link copied!