ঢাবি শিক্ষার্থীকে পুলিশের মারধর

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২২, ০৯:০৪ পিএম

ঢাবি শিক্ষার্থীকে পুলিশের মারধর

রাস্তা পার হওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক পুলিশ সদস্যের মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এই ঘটনায় অভিযুক্তকে বরখাস্ত করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোতাহার হোসেন ভবনের সামনে এই ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রব পুলিশের বিশেষ শাখা’র (স্পেশাল ব্রাঞ্চ-এসবি) সহকারী উপ-পরিদর্শক। 

ভুক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রায়হান আহমেদ ডেইলি সানের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা কেন্দ্র থেকে সংবাদ সংগ্রহ শেষে হলের দিকে যাচ্ছিলেন। মোতাহার ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আব্দুর রব তার মোটরসাইকেল দিয়ে তাকে ধাক্কা দেন। ভুক্তভোগী কারণ জিজ্ঞাসা করলে বিনা উষ্কানিতেই তাকে মারধর শুরু করেন আব্দুর বর। এতে রায়হানের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয় ও তার পরিহিত শার্ট ছিঁড়ে যায়। 

পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা সেখানে ভিড় করলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আব্দুর রহিম এবং পুলিশের রমনা জোনের অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদসহ উর্দ্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশী নিরাপত্তায় রবকে শাহবাগ থানায় নেওয়া হয়।  পরে রমনা জোনের অতিরিক্ত পুলিশ উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদ ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেন। 

Link copied!