করোনাভাইরাসের সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ার কারণে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) গণমাধ্যমে পাঠানো শিক্ষামন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সবশেষ ঘোষণা অনুযায়ি, আগামীকাল (৩০ জুন) শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়,সারাদেশে করোনা পরিস্থিতি আরো অবনতি হওয়ায় এবং কঠোর লকডাউন কার্যকর থাকায়, শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সাথে পরামর্শক্রমে দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসার চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এদিকে, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যাযের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে এবং এই টিকা কার্যক্রম সম্পন্ন হলে কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ জুন) জাতীয সংসদে ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনাকালে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা এ কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।’
সরকারপ্রধান বলেন, ‘আমরা স্কুল থেকে শুরু করে উচ্চশিক্ষায় যারা আছে, সবাইকে যেন ভ্যাকসিন পর্যায়ে আনতে পারি এবং দ্রুত যেন আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে পারি, সেই ব্যবস্থাটা আমরা নেব।’