শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ কমাতে মাউশির নির্দেশনা

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৪, ২০২২, ০৯:৩০ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ কমাতে মাউশির নির্দেশনা

দেশের প্রাথমিক, মাধ্যমিকসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি ও বিদ্যুতের ব্যবহার কমাতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনায়  বিদ্যুতের ব্যবহার ২৫ ভাগ ও জ্বালানির ব্যবহার ২০ ভাগ কমাতে বলা হয়েছে।

রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে।

মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত ওিই নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় মাউশির অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে হবে। সে লক্ষ্যে নতুন করে ৫ দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হলো।

৫ দফা নির্দেশনায় যা থাকছে:

১. মাউশি ও এর অধীন সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে এ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে।

২. শিক্ষক-কর্মকর্তার গাড়ির মাসিক জ্বালানি প্রাপ্যতা ২০ শতাংশ হ্রাস করতে হবে।

৩. যেসব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব, সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে।

৪. যেসব কর্মকর্তাদের রুমে এসি আছে, সেসব এসি ২৬ ডিগ্রি সেলসিয়াসে চালাতে হবে।

৫. উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কি না, তা তদারকির জন্য প্রত্যেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং টিম গঠন করতে হবে। তদারকিপূর্বক একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে মাউশির মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে বলা হয়েছে।

Link copied!