সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২১, ১০:১৪ পিএম

সাত কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

দেশের সব পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের চলমান সব পরীক্ষাও স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি কর্তৃপক্ষের বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানোর পর তাৎক্ষণিক প্রতিবাদ ও মানববন্ধন করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। রাত ৮টার পর থেকে রাজধানীর তিতুমীর কলেজ ও নীলক্ষেত-সহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। তাদের  দাবি নতুন করে যাতে সেশনজটের সম্মুখীন হতে না হয় সেজন্য চলমান পরীক্ষাগুলো স্থগিত না করা। 
রাত ১০ টার পর বিক্ষোভ কর্মসূচী স্থগিত করে। আগামীকাল বুধবার সকাল ৯ টা থেকে ৭ কলেজের সকল শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিবে। ইডেন মহিলা কলেজ শিক্ষার্থী সায়মা আফরোজ দ্য রিপোর্ট ডট লাইভকে এ কর্মসূচী নিশ্চিত করেছেন।

সাত কলেজের ২০১৬-১৭ সেশনের চলমান সমাপনী পরীক্ষার  দুটি বিষয় ও ১৫-১৬ সেশনের মাত্র একটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হওয়া বাকি রয়েছে। এরমধ্যেই সাত কলেজের চলমান সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। যার ফলে নতুন করে আবারো তীব্র সেশন জটের মুখোমুখি হচ্ছেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, সোমবার দুপুরে শিক্ষামন্ত্রী দিপু মনি সংবাদ সম্মেলনে দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা আগামী ২৪ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় সাত কলেজের সমন্বয়ক অধ্যক্ষদের নিয়ে ঢাবি কর্তৃপক্ষের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে সাত কলেজের সকল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত হয়। এবং সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খুললে পরবর্তীতে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। যার প্রতিবাদের তাৎক্ষণিক সাত কলেজের অনেক শিক্ষার্থী প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে পড়েন।

Link copied!